শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭–১৮ সেশনের ক্যান্সারাক্রান্ত শিক্ষার্থী আশরাফুল ইসলামের চিকিৎসাসেবা ও মানবিক সহায়তার লক্ষ্যে 'রিম মিউজিক্যাল ক্লাবের অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল' অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ফুডকোর্টে ওই শিক্ষার্থীর মানবিক সহায়তার লক্ষ্যে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের শিল্পীরা একক ও দলগত অ্যাকুস্টিক পরিবেশনায় বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন। আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল 'ওপেন মাইক' পর্ব, যেখানে ক্লাবের বাইরের সাধারণ শিক্ষার্থীরাও মঞ্চে উঠে গান পরিবেশনের সুযোগ পান। ফলে পুরো ফুডকোর্ট এলাকা শিক্ষার্থী ও পথচারীদের উপস্থিতিতে এক মেলবন্ধনে পরিণত হয়। মঞ্চের পেছনে মূল ব্যানারে প্রতিপাদ্য লেখা ছিল "কিপ অ্যালাইভ দ্য মেমোরিজ ইন রিদম"।
অনুষ্ঠান শেষে ক্লাবের সকল সদস্য এবং আয়োজকরা একটি যৌথ আলোকচিত্রে অংশ নেন। আয়োজনের মূল উদ্দেশ্য নিয়ে আরআইএম মিউজিক্যাল ক্লাবের ২৫তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আদোন আহমেদ অতি বলেন, "আজকের এই সন্ধ্যা শুধু গানের ছিল না, ছিল আমাদের একজন আপনজনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। যে কণ্ঠ আজ গেয়েছে, যে হাত তালি দিয়েছে এবং যে অর্থ সহযোগিতা সংগৃহীত হয়েছে-তার প্রতিটিই প্রমাণ করে যে রিম সবসময় একটি পরিবার হিসেবে পাশে ছিল এবং থাকবে। উপস্থিত সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।"
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল পরিবেশক, স্বেচ্ছাসেবক, সাবেক শিক্ষার্থী এবং সাধারণ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কনসার্ট থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ সরাসরি আশরাফুল ইসলামের চিকিৎসার তহবিলে দেওয়া হবে বলে জানানো হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.