প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:৫২ (বুধবার)
সিলেট সীমান্তে ৩২ লাখ টাকার ভারতীয়  চোরাচালানি মালামাল জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, ফল, বাসমতি চাল, কসমেটিকস, চকলেট, জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় গরু, ফুচকা, ফল, মহিষ, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরাসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে।

জব্দ করা সব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।