প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:০২ (বুধবার)
যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

প্রতিকী ছবি

নড়াইলের নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে নুর আরাফাত মোল্লা (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পরিবারের নারী সদস্যরা।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঐসোনা ইউনিয়নের দেবদুন গ্রামে এ নৃশংস হত্যার ঘটনা ঘটে। 

নিহত নুর আরাফাত ওই গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি নুর আরাফাতকে জরুরি কথা আছে বলে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরই ওত পেতে থাকা সশস্ত্র হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

তারা নুর আরাফাতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তার চিৎকারে পরিবারের নারী সদস্যরা ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং মারধর করে।

পরে হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস নিশাত পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি মারা গেছেন বলে জানান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে নুর আরাফাতের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সেই বিরোধ ও শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত নুর আরাফাতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

এদিকে হত্যার ঘটনার পর থেকে দেবদুন গ্রাম ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের পরিবারের স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।