প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৬:০৬ (বুধবার)
সিলেটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। একই অভিযানে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট থানার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের জিরো পয়েন্ট রোডের বটঘাট এলাকার প্রজাপতি আবাসিক হোটেলের পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই রাজীব কুমার রায় ও এএসআই (নিঃ) হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের ভালুকা থানার আওলাতলী এলাকার আশিকুর রহমান (২৬), একই এলাকার মো. জহিরুল ইসলাম (২৫), পালগাঁও এলাকার কাওছার (২৩) এবং গোবুদিয়া এলাকার মো. সাগর মিয়া (২৩)।

পুলিশ জানায়, তারা মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন।

অভিযানে উদ্ধার হওয়া তরুণী ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯ নম্বর কাঞ্চিনা ইউনিয়নের তালাব এলাকার মৃত খোকন মিয়ার মেয়ে মোছা. শুকি আক্তার মীম (২৬)।

উদ্ধারের পর ভিকটিমকে গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হলে তিনি বাদী হয়ে মানবপাচারের অভিযোগে থানায় এজাহার দায়ের করেন।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।