হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষ ও মারামারির মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির নেতা ও পাচছয় নম্বর বাজারের সাধারণ সম্পাদক তোফাজ্জোল হোসেন স্বপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে বানিয়াচং উপজেলা সদরের পাচছয় নম্বর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি সংঘর্ষের ঘটনায় করা মামলার প্রধান আসামি।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের আদমখানী মহল্লায় তোফাজ্জোল হোসেন স্বপন মিয়া ও তার প্রতিবেশী ওদুদ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
এ সময় ওদুদ মিয়ার বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওদুদ মিয়ার স্ত্রী কামরুন্নাহার বেগম বাদী হয়ে ৬ মার্চ বানিয়াচং থানায় মামলা করেন। মামলায় স্বপন মিয়াকে প্রধান আসামি করে মোট ১৩ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাদিউল ইসলাম জানান, এ মামলায় এরই মধ্যে দুই নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.