প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ১৯:৫১ (মঙ্গলবার)
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের

ছবি সংগৃহীত :

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সংস্করণের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় দ্রুত ডিভাইস হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

 

 

অ্যাপল জানিয়েছে, আইফোন ও আইপ্যাডের ছবি ও গ্রাফিকস প্রদর্শনে ব্যবহৃত ‘কোরগ্রাফিকস’ সফটওয়্যার উপাদানে এই নিরাপত্তা দুর্বলতা পাওয়া গেছে। ত্রুটিটি কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি করা ফাইলের মাধ্যমে ডিভাইসে ক্ষতিকর নির্দেশনা চালাতে পারে হ্যাকাররা।

প্রতিষ্ঠানটির দাবি, এই দুর্বলতা কাজে লাগিয়ে ‘অত্যন্ত জটিল’ ধরনের সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে। বিশেষ করে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লক্ষ্য করে এমন হামলার তথ্যও পেয়েছে অ্যাপল। তবে কীভাবে বা কার বিরুদ্ধে এই ত্রুটি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।

ঝুঁকি মোকাবিলায় পুরোনো সফটওয়্যার ব্যবহার করা আইফোনের জন্য আইওএস ২৬.৭.১ এবং আইপ্যাডের জন্য আইপ্যাডওএস ২৬.৭.১ হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। আইফোন ১১ ও পরবর্তী মডেলগুলোতে এই হালনাগাদ ইনস্টল করা যাবে।

যেভাবে আইফোন আপডেট করবেন

আইফোন হালনাগাদের আগে গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ফোনটি চার্জে রেখে নির্ভরযোগ্য ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত করতে হবে।

এরপর সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেট অপশনে যেতে হবে। নতুন আপডেট পাওয়া গেলে ‘ডাউনলোড ও ইনস্টল’ অথবা ‘এখনই আপডেট’ অপশনে চাপ দিতে হবে। প্রয়োজন হলে ফোনের পাসকোড দিয়ে শর্তাবলিতে সম্মতি জানালেই হালনাগাদ প্রক্রিয়া শুরু হবে।

ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয় আপডেট ব্যবস্থাও চালু করতে পারেন। এতে আইফোন চার্জে থাকা ও ওয়াই-ফাইয়ের সঙ্গে সংযুক্ত অবস্থায় রাতে স্বয়ংক্রিয়ভাবে নতুন সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করতে পারবে।

নিরাপত্তা ত্রুটিটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানোর তথ্য পাওয়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে অ্যাপল। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের দুর্বলতা কাজে লাগিয়ে গোপন নজরদারি বা ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে পুরোনো ডিভাইসের নিরাপত্তা ত্রুটি সমাধানের পাশাপাশি নতুন আইফোনের জন্যও আলাদা সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে অ্যাপল। আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের কয়েকটি সমস্যা সমাধানে আইওএস ২৭.০.১ হালনাগাদ দেওয়া হয়েছে।