সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর তত্ত্বাবধানে এএসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশ চেকপোস্টে একটি বালুবাহী ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
আটক কৃত ব্যক্তিরা হলেন—ট্রাকচালক মো. কামরুল ইসলাম (৩০)। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর এলাকার মো. কামাল মিয়ার ছেলে। অপরজন ট্রাকের হেলপার মো. রুহুল আমিন (৩০)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উছমান গনী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.