প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১৭:৪৩ (মঙ্গলবার)
সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে। সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে।

সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই সিএনজি ও টমটমের চালক ও আরোহী।

সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মৌলভীবাজার জেলায়। সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়।

প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব এবং সড়কে নির্মাণত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় আট সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় নয় সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও আটজন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন চালক এবং দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন পথচারী নিহত হয়েছেন।

এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে আট দুর্ঘটনায় ছয়জন, মুখোমুখি সংঘর্ষে আটটি দুর্ঘটনায় নয়জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সেপ্টেম্বর মাসে নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫ সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।