প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬ ১৩:১৯ (রবিবার)
সিলেটে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ শুরু 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। 

শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা ওঠে।

আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অন্যতম। এই মাঠে ইতিমধ্যে অনেক আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চমৎকার পরিবেশে খেলোয়াড়েরা স্বাচ্ছন্দ্যে নিজেদের নৈপুণ্য তুলে ধরতে পারবেন বলে তিনি আশা করেন।

সিলেট অতীতেও এনসিএলে চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই সিলেট বিভাগীয় দল প্রস্তুত করা হয়েছে। খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফল অর্জনের চেষ্টা করবেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, এবারের এনসিএলের প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে তিনি আশা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির পরিচালক রেদোয়ান আহমদ, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান ও ইমতিয়াজ হোসেন তান্না, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের ক্রিকেট দলের অধিনায়কসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।