ছবি: সংগৃহীত
পাঞ্জাব সীমান্তের কাছে দুই বেসামরিক পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার(২ অক্টোবর) তিন নিরস্ত্র পাকিস্তানিকে টার্গেট করে গুলি ছোড়ে ভারতীয় জওয়ানরা। এতে দুজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হন।
ভারতের মিডিয়ায় বলা হয়েছে, ওই তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। তখন তাদের গুলি করা হয়।
কিন্তু পাকিস্তান জানিয়েছে, তারা সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টা করেননি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এ হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পদক্ষেপ ঘোষণা করেনি।
সংবাদমাধ্যম পাকিস্তান টেলিভিশন নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, শুক্রবার তিন নিরস্ত্র বেসামরিক মানুষ একটি সীমান্ত পিলার থেকে মাত্র কয়েক ধাপ দূরে গিয়েছিল। আর ঠিক তখনই তাদের ওপর গুলি ছোড়ে বিএসএফ। এতে দুজন নিহত ও একজন আহত হন।
নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, তিনজনের কেউই নিরাপত্ত বেষ্টনি পার হতে যায়নি। এ ঘটনাকে ভারতের সঙ্গে সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে হিসেবে অভিহিত করেছে সূত্রটি।
ভারত সরকার এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, এ তিন পাকিস্তানি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন।
পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মির নিয়ে দ্বন্দ্ব আছে, ফলে সেখানকার সীমান্তে প্রায়ই এমন ঘটনা ঘটে। কিন্তু পাঞ্জাব সীমান্ত সে তুলনায় অনেকটাই শান্ত। এরমধ্যেই ঘটল এ ঘটনা।
আইটি ল্যাব সলিউশন্স লি.