প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১৮:৩২ (শুক্রবার)
সিলেটে ভাতিজিকে ধর্ষণে অভিযুক্ত চাচা গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক চাচা হাছান আহমদকে (৪০) লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর থেকে আসামি হাছান আহমদকে নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশের ওই অভিযানিক দল। 

গত ৮ আগস্ট সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত হাছান আহমদ একই ইউনিয়নের মৃত আপ্তাব আলীর ছেলে এবং পেশায় একজন প্রাইভেটকার চালক।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা প্রবাসে থাকায় তার মা মেয়েকে নিয়ে বাড়িতে একা বসবাস করতেন। ঘটনার দিন শিশুর মা আসরের নামাজ পড়ার সময় সুযোগ বুঝে তার ভাসুর হাছান আহমদ ভাতিজিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। 

​ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত চাচা পলাতক ছিলেন।

​এ তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে অভিযুক্ত হাছান আহমদকে গ্রেফতার করে। আসামিকে নিয়ে আসার পর আদালতে সোপর্দ করা হবে।