প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১৩:১৫ (শুক্রবার)
মৌলভীবাজারে প্রশাসনের যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, সিপিসি-২ মৌলভীবাজার ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার সদর থানাধীন পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে এস ওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামসুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে আহমেদ মুরসালিন ভেরাইটিজ স্টোরের তামিমকে একই আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং এ আর খান ব্রাদার্সের সানুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসআরবি-৯ জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, প্রতিশ্রুত পরিমাণের চেয়ে কম পণ্য সরবরাহ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।