প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১২:০৬ (শুক্রবার)
সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে ৩৮ জন গ্রেফতার 

প্রতিকী ছবি

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১১৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট এ অভিযান পরিচালনা করে।

এসএমপি সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার হওয়া ৩৮ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১১৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।