সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৫০ পিস ইয়াবা, ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা, ২৩০ কেজি ভারতীয় পার্সিমন ফল, ১ হাজার ৬০০ পিস নেসলে মাঞ্চ চকলেট এবং ১ হাজার ৫৩০ কেজি ভারতীয় কমলা।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.