প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩১ (বুধবার)
জোড়া খুনের মামলায় বাবা-ছেলে গ্রেফতার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক হত্যা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তাড়াশ থানার হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওয়াহাব আলী ও তার ছেলে জাকির হোসেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে তাড়াশের হেমনগর গাটাবাড়ী নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, ২০২৫ সালের মার্চ মাসের ২৪ তারিখে তাড়াশ থেকে মোটরসাইকেল নিয়ে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন।

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রোকনুজ্জামান ও নাসির উদ্দীন।

এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে নামীয় পাঁচজন ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়।