শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেট শহর থেকে আসেফ বখত রাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। আসেফ বখত রাদ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের ছেলে।
পুলিশের দাবি, আসেফ বখত রাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জে নেওয়া হচ্ছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আসেফ বখত রাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রতন শেখ বলেন, ‘আসেফ বখত রাদকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জে নিয়ে আসা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, আসেফ বখত রাদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.