প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৫ (বুধবার)
ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের নামে একটি মামলা করেছেন বশিরের বাবা। এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনির হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বশিরের বাবা মনির হোসেন জানান, তার ছেলে ছাত্রলীগ করে কিনা তা জানা নেই। তবে সে নিজে বিএনপির একজন সমর্থক এবং তার বড় ছেলে রবিউল ইসলাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার রাতে সদর উপজেলার পশ্চিম গুজুরী গ্রামের আকাশ তার ছেলে বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর বেতিলা মেঘবাড়ি রেস্টুরেন্টে বসে তারা আড্ডা দেয়। রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, তার ছেলে বশিরকে আকাশ (২১), তুহিন (২২), আরিফ (২২) ও তানজিদসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন মিলে পূর্বশত্রুতার জের ধরে সিংগাইর উপজেলার ডেফলতলী এলাকায় একটি ইটভাটায় নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে দুই পা ও দুই হাতের রগ কেটে দেয়। প্রথমে বশিরকে রাতেই মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বশিরকে রাজনৈতিক কারণে হাত-পায়ের রগ কাটা হয়েছে ক না— এমন প্রশ্নের জবাবে মনির হোসেন জানান, বশির মাদরাসায় পড়াশুনা করতেন। কিন্তু ২০২১ থেকে পড়াশুনা বাদ দিয়ে বাড়িতে রয়েছে। তার ছেলের নাম জেলা ছাত্রলীগে আছে এটা তিনি আগে জানতেন না। রাজনৈতিক কারণে তার ছেলেকে মারা হয়নি। আকাশ, আরিফদের সাথে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে বশিরকে মারা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ওই ছেলের বন্ধুরাই তাকে কুপিয়েছে। মধ্যরাতে ইটভাটায় ওই ছেলে কাদের সঙ্গে গেছে? ওদের মধ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা থাকতে পারে। সে ঘটনায় কুপিয়েছে বলে শুনেছি। এখানে ছাত্রদল বা বিএনপির অঙ্গ সংগঠনের নাম জড়িয়ে গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ সংগঠন। বশিরের হাত পায়ের রগ কাটার সাথে ছাত্রদলের কেউ জড়িত নয়। এর আগে শহীদ মিনারে একজনের আত্মহত্যা নিয়েও গুজব ছড়িয়েছে নিষিদ্ধ সংগঠন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বশির নামে এক যুবককে হাত পায়ের রগ কেটে দিয়েছে। তারা সবাই বশিরের পরিচিত ও বন্ধু। বশির এদের সাথেই চলাফেরা করে। এই ঘটনায় বশিরের বাবা বাদি হয়ে সোমবার সন্ধ্যার দিকে একটি মামলা করেছেন। পুলিশ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।