হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৭ হাজার ১০৮ কেজি ভারতীয় ফুসকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ডাম্প ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিএসসি, সিলেটের যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৯ জানায়, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি ডাম্প ট্রাকে চোরাচালানের মালামাল নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ ইউনিয়নে সিলেট-ঢাকাগামী মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে একটি হলুদ-সিলভার রঙের ডাম্প ট্রাক থামানোর সংকেত দিলে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার হযরত আলীর ছেলে মো. আব্দুল হালিম (২৬) এবং সিলেটের কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও এলাকার মো. হোসেন আলীর ছেলে সুরুজ মিয়া (৩৪)।
অভিযানকারী দল জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় ফুসকা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে ডাম্প ট্রাকের পেছনের বডির ভেতরে বিশেষ কৌশলে রাখা ১৪৯টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে মোট ৭১০৮ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর দাবি, আটক দুজন পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ফুসকা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দকৃত আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইটি ল্যাব সলিউশন্স লি.