প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৭ (সোমবার)
মৌলভীবাজার সিভিল সার্জনকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ

মৌলভীবাজারের দায়িত্বে অবহেলার অভিযোগে  সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে একদিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করবে না। সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।