ছবি: সংগৃহীত
টানা তিনদিনের ভারী বর্ষণে ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে ভারতের উত্তর প্রদেশ। আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে রাজ্যটিতে।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে উত্তর প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। খবর এএফপির
প্রতিবেদন অনুযায়ী, ২৪ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। সাধারণত প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে সেখানে নিয়মিত কালবৈশাখী ও অতিবৃষ্টি দেখা দেয়।
বিবৃতিতে রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় বলেছে, উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় পুরো অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত কয়েক বছর তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়া পরিস্থিতি বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে ভারতের আবহাওয়া অফিস। পরিবেশ বিশেষজ্ঞরা একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে করছেন।
দেশটির সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে রাজ্যে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ বছরের এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
আইটি ল্যাব সলিউশন্স লি.