প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭ (সোমবার)
সিলেট চেম্বারের নির্বাচনী তফশিল বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফশিল বাতিল করা হয়েছে। একই সঙ্গে চেম্বারে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই তারিখের অপর এক আদেশে এসসিসিআইয়ের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও সদস্য তালিকা হালনাগাদের পর নতুন করে নির্বাচনী তফশিল ও ভোটার তালিকা প্রণয়ন করবেন। এরপর একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা সিলেট চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, এর আগে দুই দফা সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী তফশিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি।