প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০০ (রবিবার)
মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আ.লীগের ১১ নেতাকর্মী আটক

ছবি সংগৃহীত :

নওগাঁয় ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা জেলার আত্রাই, রাণীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বলেন, আমরা জানতে পারি জেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জড়ো হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় মিছিলের চেষ্টাকালে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে নিয়ে আসে।

তাজ আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই জেলাকে শান্ত রাখতে সর্বদা বদ্ধপরিকর। কাজেই কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।

এদিকে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসাদুজ্জামান বিষয়টি জানা নেই বলে জানান।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।