প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ব্যবসায়ীরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে কোন কোন খাতে নতুন ব্যবসা ও শিল্প গড়ে তোলা যায় এবং কীভাবে এসব খাত সম্প্রসারণ করা সম্ভব, তা ব্যবসায়ীদের সম্মিলিতভাবে চিহ্নিত করতে হবে। সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা গেলে সেগুলো বাস্তবায়নে সরকারের সহযোগিতা থাকবে।
তিনি বলেন, শুধু সভা-সমাবেশ করলেই ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে না। এ জন্য দৃশ্যমান উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের নিজেদের মধ্যেও সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে হবে।
ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে সংগঠন পরিচালনা করা প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নেতৃত্ব তৈরি হলে তাঁদের প্রকৃত স্বার্থ ও প্রত্যাশা আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে।
এ সময় তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে কার্যকর ও প্রতিনিধিত্বশীল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, সিলেট রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহর। এ কারণে এখানে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন ব্যবসা ও শিল্প স্থাপনের পাশাপাশি বিভিন্ন মেলা ও বাণিজ্যিক আয়োজনেও সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থা প্রয়োজন।
তিনি আরও বলেন, অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন আয়োজন করা হলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট সবার সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে এসব কার্যক্রম পরিচালনা করা উচিত।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা শামা হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা আবদুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও অতিথিরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.