প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৪ (শুক্রবার)
গোয়াইনঘাটে অভিযানে ৪টি লিস্টার মেশিন ধ্বংস ও জরিমানা 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালির হাওর ও বুধিগাঁও হাওর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় টাস্কফোর্স ও মোবাইল কোর্টের সমন্বয়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

অভিযান শেষে স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। এ বিষয়ে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করতে দেওয়া হবে না।