প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৫ (শুক্রবার)
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। অভিযোগের পর রবিন দাসকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তার কাউন্টি দল এসেক্স।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিকস্টনে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের ২৭ আগস্ট রবিন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর গত ২৩ জুলাই তার বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।

অভিযোগ গঠনের মাত্র দুই দিন আগে চলতি মৌসুমে ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে এসেক্সের হয়ে নিজের প্রথম ও একমাত্র ম্যাচ খেলেছিলেন রবিন।

মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ওয়ার্থাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিকস্টনে এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের তদন্তে ২০২৫ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ভুক্তভোগী নারীকে বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন বলেও জানানো হয়।

রবিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবও। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, চুক্তিবদ্ধ একজন পুরুষ ক্রিকেটার ক্লাবের বাইরের একটি ঘটনার সূত্রে আদালতে হাজির হয়েছেন। শুরু থেকেই এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ রাখছে ক্লাবটি।

ক্লাবটি আরও জানায়, আইনি প্রক্রিয়া চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করা সম্ভব নয়। একই সঙ্গে তাদের সুরক্ষা ও মানবসম্পদ-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সব সদস্যকে পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রবিন দাসের। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তিনি। একই মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ওঠা এসেক্সের স্কোয়াডেও ছিলেন রবিন।

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা রবিনের বাবা বাংলাদেশি। ইংল্যান্ডে স্থায়ী হওয়ার আগে তার বাবা সিলেট বিভাগের সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন রবিন দাস। ২০২৩ সালের আসরে তাকে দলে নিয়েছিল ঢাকা ডমিনেটর্স। তবে ওই আসরে দুটি ম্যাচ খেলে দুটিতেই শূন্য রানে আউট হন তিনি।

রবিন দাসের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনো চলমান। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে দোষী সাব্যস্ত নন।