প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩১ (শুক্রবার)
সিলেটে বিদেশি মদসহ ৩ যুবক আটক

সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া পূর্বখণ্ড এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে ফারহান আহমেদ (২১), ভোলার সদর উপজেলার উত্তর দীঘলদী এলাকার মৃত রবিউল আলমের ছেলে ইমরান শেখ (২৪) এবং মাগুরার শ্রীপুর থানার চন্দ্রপ্রতাপ এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে খাদিজা হোসেন (১৮)।

এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জানা যায়, কোম্পানীগঞ্জ থানাধীন সাদা পাথর এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি অটোরিকশাযোগে কোম্পানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছেন। পরে এসআরবি-৯, সদর কোম্পানির একটি অভিযানিক দল সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে ইসলামপুর সাকিনস্থ মেসার্স ঢালাই ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্টে একটি অটোরিকশা থামানোর সংকেত দিলে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে নেমে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দল তাদের আটক করে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা তিনটি স্কুলব্যাগ ও দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।