প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৫ (শুক্রবার)
সিলেট সীমান্তে ৬৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ 

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় গরু ও মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুসসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।