ছবি সংগৃহীত :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. নাফিস নামে ১১ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরকারী নিঃসন্তন দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
গ্রেফতারকৃতরা হলেন শাহবাজপুর ইউনিয়নের হাসেম আলীর মেয়ে সুজিআরা বেগম ও তার স্বামী মো. মানিকুজ্জামান।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর বেলা অনুমান পৌনে ১১টার দিকে শিশুটির মা মোসা. নিপা খাতুন (২৫) তাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন নাফিজকে নিয়ে তার প্রতিবন্ধী ভাতিজি মোসা. শিরিন খাতুন কেক কিনতে শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী বাজারে যাওয়ার পথে হাজারবিঘী চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনের পাকা রাস্তা থেকে শিশু নাফিজকে ছিনিয়ে নিয়ে যায় এক বোরকা পরা নারী। ঘটনার পর শিশুটির বাবা মো. রুবেল হোসেন (২৮) শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
এরপর ছায়া তদন্ত শুরু করে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে গত ২২ সেপ্টেম্বর মোসা. সুজিআরা বেগম (৩৫) নামে এক আসামিকে হাজারবিঘী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকায় ভাড়া বাসা থেকে তার স্বামী মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ চেক করে সুজিআরা বেগমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা থেকে তার দ্বিতীয় স্বামী মানিকুজ্জামানকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সুজিআরা বেগম জানায়, সে নিঃসন্তান। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান আসেনি। বিধায় তারা এই শিশুটিকে লালনপালনের অভিপ্রায়ে চুরি করে। আমরা মাত্র ৩৫ ঘণ্টার ব্যাবধানে শিশুটিকে উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.