সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।
এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিপুল পরিমাণ দেশীয় পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা কৃষকদের জন্য আশাব্যঞ্জক। তবে সীমান্ত দিয়ে ভারতীয় পেঁয়াজ অবৈধভাবে দেশে প্রবেশ করলে দেশীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের প্রান্তিক কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত থেকে অবৈধভাবে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
জব্দ করা চোরাচালানি মালামালের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
আইটি ল্যাব সলিউশন্স লি.