সিলেটে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় পর্যন্ত মোট ৩৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এর আগে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নয়জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা ভিত্তিক হিসাবে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। এ জেলায় এখন পর্যন্ত ১৪৭ জন শনাক্ত হয়েছেন। এরপর সুনামগঞ্জে ৭৭ জন, সিলেটে ৭৪ জন এবং মৌলভীবাজারে ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১৩ জন সিলেট বিভাগের বাইরের বিভিন্ন এলাকা থেকে আসা বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আইটি ল্যাব সলিউশন্স লি.