সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাহিরপুর থানাধীন লাউড়ের গড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম সাকিন এলাকার একটি বসতবাড়ির পেছনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআরবি-৯, সিপিসি-৩-এর একটি অভিযানিক দল রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—তাহিরপুর উপজেলার লাউড়ের গড় এলাকার আলেক মিয়ার ছেলে মো. তানভীর আহমদ (৩০) এবং মৃত নূর জামালের ছেলে মো. রাকিব হোসেন (১৯)।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদকদ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি। পরে তাদের হেফাজতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসআরবি-৯ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং উদ্ধারকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.