প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৬ (বৃহস্পতিবার)
সিলেটে অভিযানে  অর্ধশতাধিক গ্রেফতার

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

এসএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর)  রাত ১২টা থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ৫৯ পিস ইয়াবা, ৩৯০ গ্রাম গাঁজা এবং ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগও মহানগরীর বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৫টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসএমপি।