ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে কবির (৩০) নামের আরও এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর থানার দক্ষিণ খারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাকৃত কবির রাজনগর উপজেলার গাঙ্গপাড় এলাকার উকিল মিয়ার ছেলে। তিনি এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি ছিলেন।
এর আগে এ ঘটনায় রোববার রাতে পৃথক অভিযান তিনজনকে গ্রেফতার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রায় তিন-চার মাস আগে মামলার এক নম্বর আসামি মো. জাহেদ আহমেদের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মামলার এজাহার ও এসআরবির তথ্য অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে জাহেদের প্ররোচনায় ভুক্তভোগী নিজ বাড়ি থেকে বের হয়ে মৌলভীবাজার শহরে যায়। সেখান থেকে জাহেদ তাঁকে ফুসলিয়ে রাজু আহমেদ ও জুবেল মিয়ার সহায়তায় সিএনজিচালিত অটোরিকশায় করে কমলগঞ্জ থানার অধীন এক আসামির বাড়িতে নিয়ে যান।
এসআরবি জানায়, সেখানে রাতে আসামিরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন সকালে জাহেদ তাঁকে নিজ বাড়িতে নিয়ে যান। পরে জাহেদসহ চার আসামি আবারও তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
এরপর ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে আসামিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালীমন্দির থেকে বড়চেগগামী সড়কে তাঁকে নামিয়ে দিয়ে চলে যান।
পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.