কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, খায়রুল কবির রুমেন জেলা আইনজীবী সমিতি ভবনে অবস্থান করছেন, এমন খবর পেয়ে ভবনের সামনের কালেক্টরেট সড়কে সাদা পোশাকে পুলিশ অবস্থান নেয়।
পরে আইনজীবী সমিতি ভবন থেকে বের হলে সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন আহমদ তাকে মোটরসাইকেলে করে সুনামগঞ্জ সদর থানার দিকে রওনা দেন। তাদের সঙ্গে ডিবি পুলিশের একটি দলও থানায় যায়। থানার সামনে পৌঁছানোর পর রুমেন মোটরসাইকেল থেকে নামলে পুলিশ তাকে থানার ভেতরে নিয়ে যায়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। গত বৃহস্পতিবার সকালে শহরের সার্কিট হাউসের সামনে ওই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ।
মিছিলের ঘটনায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ৬৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, গত ১৭ সেপ্টেম্বর নাশকতার চেষ্টার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় করা মামলায় খায়রুল কবির রুমেন আসামি।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় করা মামলায় খায়রুল কবির রুমেন এজাহারভুক্ত আসামি ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.