গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। গত ৩ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মামলায় মোট ২৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশের দাবি, সীমান্ত অপরাধ ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে থানার কর্মকর্তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযানে মাদক মামলায় ৩২ জন, চোরাচালান মামলায় ২৩ জন, জিআর পরোয়ানায় ৬১ জন, জিআর সাজা পরোয়ানায় ১৩ জন, সিআর পরোয়ানায় ৪০ জন, সিআর সাজা পরোয়ানায় ১১ জন এবং নিয়মিত মামলায় ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ সময়ে ২৮টি মাদকবিরোধী মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৬০ লিটার চোলাই মদ, ২ হাজার ৫৭৫ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ, ১৬৭ বোতল ও ৪২ ক্যান বিভিন্ন ধরনের ভারতীয় মদ, ১ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬১.৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, চোরাচালানবিরোধী অভিযানে ১৭টি মামলায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও চোরাচালানে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩ লাখ ১২ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার ২০০ টাকা; ১ হাজার ৯০০ কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা; ৯ হাজার ৮৭২ পিস বিভিন্ন কোম্পানির ভারতীয় চকলেট ও অন্যান্য সামগ্রী; ২২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ডাবর আমলা হেয়ার অয়েল ও প্রসাধনসামগ্রী।
এছাড়া ভারতীয় আইফোন, অন্যান্য মোবাইল ফোন ও ব্যাগেজ সামগ্রীসহ চোরাচালানে ব্যবহৃত একটি পুরোনো রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, একটি পিকআপ, একটি ডিআই পিকআপ, ইঞ্জিনচালিত কাঠ ও বারকি নৌকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, পুলিশের অভিযানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছু অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে থানা পুলিশ। পুলিশের দাবি, একটি স্বার্থান্বেষী চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে। তবে এসব প্রচারণাকে আমলে না নিয়ে অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গোয়াইনঘাট উপজেলাকে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ দমনে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.