প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৩ (বুধবার)
নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, মাসহ আটক ৩

ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন টুডুসহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ। 

আটককৃত রিপন টুডুর স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে একটি নির্দিষ্ট স্থান থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়।

সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর জামতলী এলাকায় এই চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশুর মায়ের সঙ্গে অভিযুক্ত রিপন টুডুর (৩৫) কথিত পরকীয়ার সম্পর্ক ছিল।

শিশুটি নিখোঁজ হওয়ার পর স্থানীয় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয় এবং সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রিপন টুডুকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মা জিন্নাতুন, অভিযুক্ত রিপন টুডু এবং সুজন নামের আরেক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক মনিরুজ্জামান অভিযান ও মরদেহ উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনার আনুষ্ঠানিক বিবরণ তুলে ধরেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চলছে।