ছবি: সংগৃহীত
নানা পদক্ষেপেও হামের প্রাদুর্ভাবে লাগাম টানতে পারছে না সরকার। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে হামজনিত মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৬ শিশু। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানি ঘটেছে মোট ১ হাজার ৬৩ শিশুর।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ জন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি ঘটেছে। সব মিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৯৬২ শিশু।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩০৫ জনের শরীরে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২ লাখ ১ হাজার ৬৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের শরীরে।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.