প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০ (মঙ্গলবার)
সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল বিদেশি মদসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন নওধার (মাঝপাড়া) গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে আব্দুল হক (৫০) এবং তার স্ত্রী মোছা. রুজি বেগম (৩৬)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল সোমবার সকালে আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তল্লাশিতে বসতঘরের শোয়ার কক্ষে খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৫০ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় আব্দুল হক ও তার স্ত্রীকে। পরে, তাদের  দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পুকুরপাড়ের উত্তর-পূর্ব কোণের বাঁশঝাড়ে মাটির নিচে সুকৌশলে পুঁতে রাখা আরও ১৫৩ বোতল মদ জব্দ করে পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুর রহমান জানান, আটক দম্পতির বিরুদ্ধে ইতিপূর্বে কোনো ফৌজদারি বা মাদক মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।