হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ মো. রুবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) এসআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জানতে পারে, হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে একটি পিকআপযোগে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি সিলেটের দিকে যাচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর রেলক্রসিংয়ের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে এসআরবি-৯।
চেকপোস্টে একটি পিকআপ থামানোর সংকেত দিলে গাড়িটি থামে। এ সময় এসআরবি-৯-এর উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা জানান তিনি। পরে তার দেখানো মতে পিকআপের বডিতে থাকা তিনটি বস্তার ভেতর থেকে নীল রঙের পলিথিনে সাদা রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়।
আটক মো. রুবেল মিয়া (৩০) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আবদুল কাদের।
এসআরবি-৯-এর জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দাবি করেন, তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দ করা আলামত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.