ছবি: সংগৃহীত
সিলেটের মোগলাবাজারে রাস্তা নিয়ে বিরোধের জেরে ওয়াতির আলী (৩০) হত্যা মামলার পলাতক এক আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানিক দল।
গ্রেফতার আসামির নাম মো. সাহাব উদ্দিন ওরফে সাবুল (৫৪)। তিনি সিলেটের মোগলাবাজার থানার মুছাপুর এলাকার মানিক মিয়ার ছেলে।
এসআরবি ৯ জানায়, নিহত ওয়াতির আলী সিলেটের মোগলাবাজার থানাধীন মুছাপুর এলাকার বাসিন্দা। বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে ওয়াতির আলীর সঙ্গে মামলার ৩ নম্বর আসামি মো. সাহাব উদ্দিনের কথা কাটাকাটি হয়। পরে ওই ঘটনার জের ধরে রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াতির আলীর বাড়িতে যায়। তাকে বাড়ি থেকে বের করে এনে বিভিন্ন স্থানে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ওয়াতির আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত ওয়াতির আলীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৯ জুলাই রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি যৌথ অভিযানিক দল রোববার ( ২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পুরানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেটের মোগলাবাজার থানার মামলা নম্বর-১৩, তারিখ ৩০ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ নম্বর পলাতক আসামি মো. সাহাব উদ্দিন ওরফে সাবুলকে গ্রেফতার করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.