ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানার চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামক একটি পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত নারীর নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। বাকি পাঁচ জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যায় হঠাৎ করেই বিকট শব্দে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শক্তিতে সিলিন্ডার একটি ছিটকে এসে পাশের একটি দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা জয়নব বেগমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ছাড়া, একটি লরির ভেতরে দগ্ধ অবস্থায় পাঁচটি মরদেহ পাওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতের স্বজনরা জানান, জামগড়া এলাকায় জয়নব বেগম দর্জির কাজ করেন। ঘটনার সময় দোকানের বাইরে তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণে সিলিন্ডার উড়ে এসে জয়নব বেগমের ওপর পড়ে। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার গেটের সামনে নিহত ওই নারী দর্জির কাজ করতো। হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার শরীরে লাগে এবং এতে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরও পাঁচটি মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, একটি লরির ভেতরে দগ্ধ অবস্থায় পাঁচ জনের মরদেহ পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.