প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৩ (সোমবার)
সিলেট সুপরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান: সিউক চেয়ারম্যান

সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগী মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিউকের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট অনলাইন প্রেস ক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) প্রতিনিধিদের সঙ্গে সিউকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভা হয়।

রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘‘সিলেটকে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সিউক। আবাসন প্রকল্প বাস্তবায়নে ‘গ্রিন ইকো হাউজিং প্রজেক্ট’কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলার মাঠ, বনায়ন, উন্মুক্ত স্থানসহ পরিবেশবান্ধব বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।’’

সিউক চেয়ারম্যান বলেন, ‘‘সিলেটের ঐতিহ্য সংরক্ষণ ও মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন। গণমাধ্যমের সহযোগিতা সিউকের কার্যক্রমকে আরও সুসংহত করবে।’’

সভায় সাংবাদিক নেতারা সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। সিউকের ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তারা।

সভা সঞ্চালনা করেন সিউকের নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ।

সভায় সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিভাগীয় প্রতিনিধি ইকরামুল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।