ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট এলাকায় আকাশে দুটি গ্লাইডার বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সারাটোগা কাউন্টির এডিনবার্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর একটি গ্লাইডার নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে পারলেও অন্যটি দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ২৬ মিনিটের দিকে এডিনবার্গের হুইলার রোডের কাছে দুটি উড়োজাহাজের সংঘর্ষের খবর পায় কর্তৃপক্ষ। এলাকাটি গ্রেট স্যাকানডাগা লেকের কাছাকাছি এবং সারাটোগা স্প্রিংস থেকে প্রায় ২০ মাইল দূরে।
সংঘর্ষের পর একটি গ্লাইডার কাছের প্লেটু স্কাই র্যাঞ্চ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ওই গ্লাইডারের পাইলট আহত হননি। তবে সংঘর্ষে বিমানটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
বিমানবন্দরের মালিক এলেইন ওয়েড সংবাদমাধ্যম দ্য টাইমস ইউনিয়নকে জানান, দুর্ঘটনায় পাইলট মানসিকভাবে বিচলিত হলেও শারীরিকভাবে নিরাপদ ছিলেন।
অন্য গ্লাইডারটি সংঘর্ষের পর একটি দুর্গম ও ঘন বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষ খুঁজে পেতে উদ্ধারকারী দলকে দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালাতে হয়।
বিকেল প্রায় ৪টা ৫৪ মিনিটে স্যান্ড লেক রোডের কাছের একটি প্রত্যন্ত এলাকায় গ্লাইডারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে পৌঁছে একমাত্র আরোহী পাইলটকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধার অভিযানে নিউইয়র্ক স্টেট পুলিশের বিমান ইউনিট, স্টেট ফরেস্ট রেঞ্জার, সারাটোগা কাউন্টি শেরিফের কার্যালয়সহ স্থানীয় বিভিন্ন জরুরি সেবাদানকারী সংস্থা অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নিরাপদে অবতরণ করা গ্লাইডারের পাইলটও পরে নিখোঁজ গ্লাইডারটির সন্ধানে সহায়তা করতে আকাশে ফিরে গিয়েছিলেন।
দুর্ঘটনায় জড়িত দুটি গ্লাইডারের একটি ছিল শেম্প-হার্থ ভেনটাস-২বি এবং অন্যটি শ্লেইখার এএসডব্লিউ-২৪। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এ তথ্য জানিয়েছে।
গ্লাইডার সাধারণত ইঞ্জিনবিহীন উড়োজাহাজ। বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ ও অন্যান্য বায়ুগত শক্তি কাজে লাগিয়ে এসব উড়োজাহাজ আকাশে অবস্থান করে।
এখন পর্যন্ত কী কারণে দুটি গ্লাইডার আকাশে সংঘর্ষে জড়াল, তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ও ফেডারেল বিমান চলাচল প্রশাসনকে অবহিত করা হয়েছে। তদন্ত চলছে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাদের ৫১৮-৪৫৭-৬৮১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.