প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৯ (বুধবার)
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক আটক

সিলেটে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মেহেদী আহমেদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শিমুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল নগরের নোয়াগাঁও সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে আটক করে।জেলা তথ্য

মেহেদী আহমেদ নোয়াগাঁও সাদিপুর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে মিছিলসহ একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেহেদী দীর্ঘদিন ধরে ফেসবুকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে আটক করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির চৌধুরী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সিলেট নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।জেলা তথ্য

ওসি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির বিষয়টিও পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মেহেদীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।