শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একাংশের উদ্যোগে ‘জাতীয়তাবাদী পাঠচক্র’ নামে সাপ্তাহিক পাঠচক্রের কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের টিভি রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পাঠচক্রটির উদ্বোধন করা হয়।
শাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র সভাপতি সোহাগ মাহমুদ ও অনুসারীরা এ আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা রয়েছে। নব্বইয়ের আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনেও সংগঠনটির নেতা-কর্মীদের ভূমিকা দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, তাঁর সময়ের শাসনব্যবস্থা এবং দেশের জন্য দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের পড়াশোনা করার আহ্বান জানান উপাচার্য।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেবে। তাই তাদের জ্ঞান অর্জনের পাশাপাশি দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে গঠনমূলক প্রস্তুতি থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে আগামী জানুয়ারিতে একটি বড় পরিসরে ইনোভেশন ও জব ফেয়ার আয়োজনের পরিকল্পনার কথাও জানান উপাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ববিদ্যালয়ে এনে তাঁর মাধ্যমে ওই আয়োজনের উদ্বোধন করার চেষ্টা চলছে। এ আয়োজনে শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা আবিদ আব্দুল্লাহ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার প্রমুখ।
আইটি ল্যাব সলিউশন্স লি.