সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) চতুর্থবারের মতো গণনা করা হবে। সকাল ৯টায় এ গণনা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৯টায় দানবাক্সের অর্থ গণনার কাজ শুরু হবে।
এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। একই সঙ্গে পাওয়া যায় স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত হওয়ায় প্রথম দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
এর ১৮ দিন পর, ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে গণনা করা হয়। এ সময় পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রূপাও পাওয়া যায়।
সর্বশেষ গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খুলে অর্থ গণনা করা হয়। ওই দফায় পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এ সময়ও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি সোনা ও রূপার অলঙ্কার পাওয়া যায়।
তিন দফায় পাওয়া নগদ অর্থের হিসাবে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা জমা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে এসব অর্থ মাজারের তহবিলে সংরক্ষণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের মতো এবারও নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে দানবাক্সের অর্থ গণনা করা হবে। গণনা শেষে পাওয়া অর্থ ও অন্যান্য সামগ্রীর বিস্তারিত হিসাব প্রকাশ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.