প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৪ (বৃহস্পতিবার)
সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া সার আমদানির অনুমোদন

ছবি সংগৃহীত :

সৌদি আরব থেকে ৪০ হাজার টন (+১০ শতাংশ) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৯৩ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা।

 

 

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এই সার আমদানি করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০০৭ সাল থেকে সরকার জিটুজি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় সৌদি আরবের সাবিক থেকে ইউরিয়া সার আমদানি করে আসছে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে মোট ৮ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার আমদানির চুক্তি রয়েছে। এর মধ্যে ৩ লাখ ২০ হাজার টন চুক্তির আওতায় এবং জরুরি পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত ৫ লাখ টন আমদানির ব্যবস্থা রাখা হয়েছে।

চুক্তিতে নির্ধারিত প্রাইসিং ফরমুলা অনুযায়ী আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় পঞ্চম লটে ৪০ হাজার টন (+১০ শতাংশ) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করা হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৪০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৯৩ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা।

প্রস্তাব অনুযায়ী, প্রতি টন ইউরিয়া সারের দাম পড়বে ৩৯১ দশমিক ৬৬ মার্কিন ডলার।

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর নির্ধারিত প্রক্রিয়ায় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এই লটের ইউরিয়া সার আমদানি করা হবে।