প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১০ (বৃহস্পতিবার)
সিলেটে ২টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে, নিহত ১

প্রতিকী ছবি

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

নিহত ব্যক্তির নাম হারিছ আলী (৭৫)। তিনি গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলী মারা যান। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

এয়ারপোর্ট থানার (ওসি তদন্ত) আব্দুস সালাম জানান, সংঘর্ষের সময় হারিছ আলী পেছনের সিটে বসা ছিলেন। তিনি কোথাও ধরে না বসায় ধাক্কার সময় গাড়ির গ্রিলে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, নিহতের দুই ছেলের সাথে আমাদের কথা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।