ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ মতিউর রহমান (২৫) নামে সিলেটের কোম্পানীগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার ( ১৪ সেপ্টেম্বর ) সৌদি আরব সময় রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরব যান মতিউর রহমান। রিয়াদের হারা এলাকায় একটি বাসায় আরও তিনজনের সঙ্গে থাকতেন তিনি। দুই-তিন দিন আগে ঘুমানো ও রান্না নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
সোমবার রাতে সবাই কাজ থেকে রুমে ফেরার পর আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এক রুমমেট তরকারি কাটার ছুরি দিয়ে মতিউর রহমানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত হয়ে মারা যান। এ সময় রুমে থাকা অপর তিন যুবক পালিয়ে যান।
নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন বলেন, মতিউর রহমান খুবই শান্তশিষ্ট ছিলেন। দুই-তিন দিন আগে তার সঙ্গে হওয়া ঝামেলার কথা তিনি পরিবারকে জানিয়েছিলেন। গতকাল থেকে তাকে ফোন করেও পাওয়া যাচ্ছিল না। পরে তার রুমে থাকা গ্রামের একজনের সঙ্গে যোগাযোগ করা হলে হত্যাকাণ্ডের বিষয়টি জানা যায়।
আশরাফুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, ‘এ বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা খোঁজ নিচ্ছি।’
আইটি ল্যাব সলিউশন্স লি.