সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ক্ষেতের জমি থেকে আসিদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগিরঘাট গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার বুধবারীবাজারে যাওয়ার পর থেকে আসিদ আলী নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার চালান। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃদ্ধকে পরিকল্পিতভাবে হত্যা করে ক্ষেতের জমিতে ফেলে রাখা হয়েছে। মরদেহের অবস্থা দেখে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করছেন তারা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.